দাপুটে জয় পেয়েছে রাইজিং পুনে

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে গুজরাট লায়ন্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। গতকাল রাতে চলতি আসরের ৪১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল দলটি। মুখোমুখি লড়াইয়ে কলকাতাকে ৪ উইকেট হারিয়ে ছন্দে রয়েছে স্টিভেন স্মিথের দল।

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান পুনের অধিনায়ক স্মিথ। ঘরের মাঠে শুরুতে ব্যাট করার সুযোগ পেলেও ব্যাট হাতে চমক উপহার দিতে পারেননি দলটির কোনো ব্যাটসম্যান। গতকালের ম্যাচেও কলকাতার একাদশে নেওয়া হয়নি সাকিব আল হাসানকে।

আগে ব্যাট করতে নামা কলকাতা দলীয় ০ রানেই ওপেনার সুনীল নারিনকে হারায়। এর আগে ক্যারিবীয় এ তারকা শুরুতে নেমে চমক উপহার দিলেও এই ম্যাচে ব্যক্তিগত শূন্য রানেই প্যাভেলিয়নে ফেরেন। ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান আসে মনীষ পান্ডের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ করেন কলিন ডি গ্র্যান্ডহোম। এছাড়া সূরিয়া কুমার যাদব ৩০ এবং অধিনায়ক গৌতম গাম্ভীর ২৪ রান করেন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করতে সক্ষম হয় কলকাতা।

বল হাতে পুনের জয়দেব উঙ্কিত ও ওয়াশিংটন সুন্দার ২টি করে উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন স্টোকস ও ইমরান তাহির।

১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে পুনের হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংসটি আসে রাহুল ত্রিপাথির ব্যাট থেকে। ৫২ বলে ৯ চার ও ৭ ছক্কায় মূলত তার এ ইনিংসেই জয়ের বন্দরে পৌঁছে যায় পুনে। এছাড়া আজিঙ্কা রাহানে ১১ এবং বেন স্টোকস ১৪ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি সফরকারীদের। ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পুনে।

কলকাতার হয়ে বল হাতে ক্রিস ওকস সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান উমেশ যাদব, নারিন ও কুলদ্বীপ যাদব।

কলকাতার বিপক্ষে এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে পুনে। ১১ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট রয়েছে দলটির ভান্ডারে। অন্যদিকে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স।