দিনাজপুরে যানবাহন প্রবেশে বিধি নিষেধ

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ ও বিস্তার নিয়ন্ত্রণের উদ্দেশে ঘরের বাইরে বের হওয়াসহ যান চলাচলের ওপর বিভিন্ন বিধি নিষেধ উল্লেখ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এটি লকডাউন না। মানুষের চলাচলের ওপর একটি নিয়ন্ত্রণ বা বিধি নিষেধ। এর পরের পদক্ষেপই লকডাউন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্ততে এ আদেশ জারি করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস  বলেন, এখনও এটিকে লকডাউন বলা যাবে না। এটি সেমি লকডাউন বা মানুষের চলাচলের ওপর একটি বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ। এর পরের পদক্ষেপই লকডাউন। আপাতত এই জেলার সব রুটগুলোতে কোনো যানবাহন বের হতে কিংবা প্রবেশ করতে পারবে না। তাছাড়া মানুষের চলাচলের ওপরও কিছুটা নিয়ন্ত্রণের জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলায় সব রকম যানবাহনের প্রবেশ ও জেলা থেকে যানবাহন বর্হিগমন বন্ধ ঘোষণা করা হলো। অত্যাবশ্যকীয় প্রয়োজনে বা কাজে চলাচলকারী রিকশায় একজনের বেশি যাত্রী ও মোটরসাইকেলে চালক ব্যতীত অন্য কোনো যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হলো। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘর থেকে বাইরে যেতে পারবেন না। অন্যান্য সময়ে অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল সীমিত করা হলো।
তবে আদেশে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এতদসংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মী ও যানবাহন চলাচল, চিকিৎসাসেবায় নিয়োজিত এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী, ওষুধ-শিল্প সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন, কৃষিপণ্য, সার বীজ, কীটনাশক, জ্বালানি ইত্যাদি পণ্য পরিবহন কাজে নিয়োজিত কর্মী ও যানবাহন চলাচল, কৃষিজ পণ্য উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, দুগ্ধপণ্য উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারনের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী চলাচল, সরকারি ও বেসরকারি ত্রাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের যানবাহন, সংবাদপত্র, সাংবাদিক ও সংবাদকর্মী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে বলে বলে উল্লেখ করা হয়।
এ আদেশ বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর জেলার সব প্রবেশ ও বর্হিগমন স্থানে/পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ চেকপোস্ট কার্যক্রম থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।