দুটি যাত্রীবাহী বাস উল্টে গেয়ে নিহত ১ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাস উল্টে গেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে দুটি বাসের ৩০ যাত্রী।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, তানোর থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। সড়ক খারাপ থাকায় বাসটি বিকল্প পথে স্থানীয় গ্রাম্য সড়ক দিয়ে যাচ্ছিল। পবার তুরাপুর গ্রামে বাসটি উল্টে ধান ক্ষেতে পড়ে যায়। এর ফলে ঘটনাস্থলে এক শিশু মারা যায়।

নিহত শিশুর নাম রানা (১০)। সে তানোর উপজেলার কাশকদীঘি গ্রামের আরশাদ আলীর ছেলে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি পরিমল কুমার জানিয়েছেন।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সী জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে যাত্রীবাহী বাস গোদাগাড়ী উপজেলা সদরে যাচ্ছিল। পথে গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়।

এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।