দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ট্রেন্ট বোল্ট

ক্রীড়া ডেস্ক : ২০১৭-১৮ নিউজিল্যান্ড সেশনে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডের বড় দুটি পুরস্কারই জিতে নিয়েছেন বাঁহাতি এই পেসার। ২০১৮ সালে নিউজিল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বোল্ট। পাশাপাশি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার হিসেবে পেয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। এবারই প্রথম এই দুটি পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সি পেসার।


পুরস্কারের জন্য বিবেচিত সময়ে সব ফরম্যাট মিলিয়ে ৭৭ উইকেট পেয়েছেন বোল্ট। নিউজিল্যান্ডের ষষ্ঠ বোলার হিসেবে ছুঁয়েছেন ২০০ টেস্ট উইকেটের মাইলফলক। বিশ্বের ষষ্ঠ দ্রুততম বোলার হিসেবে গড়েছেন ১০০ ওয়ানডে উইকেটের কীর্তি।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রস টেলর। তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন হার্ড-হিটার ব্যাটসম্যান কলিন মানরো। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সোফি ডিভাইন।