দূর্নীতিবাজ ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য প্রমাণিত

নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একাধিক অভিযোগে অভিযুক্ত ভূমি কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে আনীত ঘুষ, দূর্ণীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্য প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক হায়াত – উদ – দৌলা খাঁন স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে এর সত্যতা নিশ্চিত হয়।

উল্লেখ্য, দূর্নীতিবাজ এই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে উপজেলার সদর ইউনিয়নের কামারগাঁওয়ের জহরলাল দেবের ছেলে মিহির দেব সহ পাঁচজন উপজেলা নির্বাহী অফিসারের নিকট ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ করেন।পরবর্তীতে সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ অভিযোগ গুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার কারণে ১৩ জুন বজলুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। অভিযোগকারীগণ ২১ জুলাই বজলুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করলে দশ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।

এ প্রেক্ষিতে ৭ আগস্ট অভিযুক্ত বজলুল হক ও অভিযোগকারীদের লিখিত জবাব ও শুনানি গ্রহণ করা হয়। বজলুল হকের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় সরকারি কর্মচারী ( শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
পরবর্তীতে ৩ অক্টোবর ২০১৯, তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার ( ভূমি ), নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রেরিত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারায় অসদাচরণের দায়ে ৩(ঘ) (ই) এর বিধানমতে দূর্ণীতি পরায়ণতা অব্যাহত রাখায় একই বিধিমালার ৪(৩) (ক) বিধি অনুযায়ী তাকে নিম্নপদে অবনমিতকরণ এর সিদ্ধান্ত গৃহীত হয়।

যেহেতু অভিযুক্ত কর্মকর্তার লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানিতে তার জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি এবং তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ প্রমাণিত হয়েছে সেহেতু সার্বিক বিবেচনায় অভিযুক্ত কর্মচারীকে গুরুদণ্ড প্রদানের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

১৬ অক্টোবর ২০১৯, জেলা প্রশাসক হায়াত – উদ – দৌলা খাঁন কর্তৃক স্বাক্ষরিত এক তদন্ত প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের সাথে কথা হলে তিনি জানান, অভিযুক্ত বজলুল হককে গুরুদণ্ড দেওয়া হয়েছে। তার পূর্বের পদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা থেকে উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে নিম্ন পদে অবনমিতকরণ করা হয়েছে।

অভিযোগকারী মিহির দেব জানায়, তার শাস্তিতে তারা সন্তুষ্ট হলেও তারা তাকে দেওয়া অর্থ ফেরত পায়নি।