স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশপ্রেম ও দক্ষতায় ঘাটতির জন্য পুলিশ কর্মকর্তাদের অবসর প্রদান করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সম্প্রতি পুলিশের পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ কার হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাকরির বয়স ২৫ বছর হলে অবসর দেওয়া যায়। এটা আগে থেকে হয়ে আসছে। অনেক সময় অনেকের দক্ষতার ঘাটতি হয়, দেশপ্রেমে ঘাটতি হয়। তাই আগে থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে ক্ষতিকর মাদক আসে মিয়ানমার থেকে। এ জন্য দেশটির সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। কিন্তু মিয়ানমার এ বিষয়ে কথা বলে অনেক, বাস্তবে কিছুই করে না। এ জন্য দেশটি থেকে আসা মাদক নিয়ন্ত্রণে তেমন সফলতা আসছে না।
মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ মনে করে নির্ধারিত সময়ের পর নির্বাচনের মাধ্যমে সরকার বদল করাই হচ্ছে একমাত্র পথ। দেশের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।


