সংকট মোকাবিলায় দেশবাসীকে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদ্যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক মন্দাও মোকাবিলা করতে সক্ষম হব। দেশের প্রয়োজনেই রিজার্ভ ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, শহরের মতো গ্রামেও সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমানে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা যাতে কোনোমতেই ব্যহত না হয়, দুর্বার গতি ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে। সমবায়ের মাধ্যমেই দেশ অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করবে।


