দেশে করোনায় মৃত্যুর রেকর্ড

দেশের এ যাবৎকালে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১১৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

রোববার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬২৮ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ২৪ জন ঢাকার। এছাড়া চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী। এদের মধ্যে ৪ জন বাসায় মারা গেছেন। ২ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ হাজার ১১৮ জন এবং নারী ৪ হাজার ৫৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৯ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন রয়েছেন।