দেশে ফিরলেও বাড়ি যাচ্ছেন না মোস্তাফিজ আইপিএল

জাগো নিউজের পাঠকরা আগেই জেনে গেছেন, আইপিএল খেলার চুক্তি থাকলেও জাতীয় দলের সঙ্গে আগে দেশে ফিরবেন বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

হয়েছেও তাই। আজ (রোববার) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় দলের বহরের সঙ্গে দেশে ফিরেছেন মোস্তাফিজ।

তবে দেশে ফিরলেও বাড়ি যাওয়া হচ্ছে না তার। আইপিএল খেলার উদ্দেশ্যে আজ বিকেলেই ফের বিমানে চড়ে বসবেন মোস্তাফিজ। যে কারণে দলের সবার সঙ্গে বিমানবন্দর থেকেও বের হননি তিনি। জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই খবর।

কখন, কোন ফ্লাইটে ভারত যাবেন মোস্তাফিজ, তা নির্ধারিত নয়। রাবিদ ইমাম জানিয়েছেন, সম্ভাব্য প্রথম ফ্লাইটেই ভারতের মুম্বাইয়ে চলে যাবেন মোস্তাফিজ। সেখানে তার দল রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দেয়ার আগে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান সংবাদমাধ্যমে জানিয়েছেন বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে চেপে বসবেন মোস্তাফিজ। তিনি আরও জানিয়েছেন, মূলত কোভিড প্রটোকলের কারণেই দেশে ফিরলেও বিমানবন্দরের বাইরে বের হননি। সরাসরি ভারতের বিমানে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস। এই ম্যাচে খেলা হবে না মোস্তাফিজের। কারণ ভারত পৌঁছানোর পর ৭ দিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাকে। সে হিসেবে কোয়ারেন্টাইন শেষ হবে ১২ তারিখেই। ওইদিনই প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান। সুতরাং, মোস্তাফিজের প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত।