দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ কাটার মাস্টার

ক্রীড়া প্রতিবেদক : চলতি আইপিএলে বিবর্ণ একটি অধ্যায় শেষে  দেশে ফিরে এসেছেন বাংলাদেশ অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ কাটার মাস্টার।

আইপিএলের দশম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কেবল একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ হয়েছে মুস্তাফিজের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচে বাজে বোলিংয়ের পর তাকে আর সুযোগ দেওয়া হয়নি। এরপর থেকে বেঞ্চে অলস সময় কাটানো  মুস্তাফিজ গতকাল দেশে ফিরে এসেছেন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নিতে ইংল্যান্ডের সাসেক্সে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে সাকিব আল হাসানের সঙ্গে আগামীকালই দেশ ছাড়তে পারেন মুস্তাফিজ।

আইপিএলে উপেক্ষিত ছিলেন মুস্তাফিজ। তবে বাংলাদেশের হয়ে ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে খেলানো হবে কিনা জানতে চাইলে মুস্তাফিজের জবাব, ‘খেলাবে কিনা আমি তো নিশ্চিত না। টিমে থাকার জন্য খেলি। সবকিছু ভালো হলে খেলতে পারবো।’

হায়দরবাদের একাদশে জায়গা পাওয়া নিয়ে মুস্তাফিজ বলেন, ‘ফরেনার সব খেলোয়াড়ই ভালো। ফরেনার আটজন কিন্তু খেলবে তো চারজন। আমি সবসময় শিখতে চাই। শেখার শেষ নাই।’

বোলিংয়ে আত্মবিশ্বাস নিয়ে জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘আমার তো নিজের প্রতি সবসময় বিশ্বাস আছে। এখন সব উইকেট তো একরকম থাকে না। চেষ্টা করবো সেরাটা দেওয়ার।  অনুশীলন চালিয়ে যাচ্ছি।’