সাভারে একটি ফোম তৈরির গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন মালিকের দাবি তার প্রায় ২ কোটি ক্ষতি হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস জামসিং নবীর মার্কেট এলাকায় ‘মেটেল মেট্রেজেন ফোম’ নামের টিনশেড গোডাউনে পৌঁছায়। পরে দেড় ঘণ্টার চেষ্টায় ৯টা ৩৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনটির মালিক আবুল বাশার হাওলাদার বলেন, গোডাউনের ভেতর দুইজন লোক থাকতো। ধোঁয়ার গন্ধে তাদের ঘুম ভেঙে যায়। তখন আশেপাশে দেখে আগুন দেখে আমাদের ডাক দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আগুন নেভায় তারা। আমার লোকজনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার প্রায় দুই-আড়াই কোটি টাকার মত মালামাল ক্ষতি হয়েছে।
নাম প্রকাশে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এই কারখানার লাইসেন্স, পৌরসভার সনদ, ফায়ার সার্ভিসের সনদসহ কোনো কাগজ পত্র নেই। অবৈধভাবে চলছে কারখানাটি।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নরুল ইসলাম বলেন, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ৮টা ১৫ মিনিটের দিকে আমরা স্থলে আসি। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। আগুন নিয়ন্ত্রণে আসে ৯টা ৩৯মিনিটের দিকে আর আগুন পুরোপুরি নির্বাপণ হয় ১০টা ২০মিনিটের দিকে। ভুক্তভোগী গোডাউনের মালিক দাবি করছেন ২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে তবে আমরা তদন্তে করে দেখবো। এছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


