দ্বিতীয় দিন শেষে চাপে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : জেমস অ্যান্ডারসনের বলে টিউনিস ডি ব্রুইন আউট হওয়ার পর লর্ডসে খেলা হলো মাত্র ১৬ বল। পড়ন্ত বিকেলে উইকেট হারিয়ে ইংল্যান্ডের করা ৪৫৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চাপে দক্ষিণ আফ্রিকা।

৬৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান। ৫ উইকেট হাতে রেখে সফরকারীরা পিছিয়ে ২৪৪ রানে। তেম্বা বাভুমা ৪৮ ও কাগিসো রাবাদা ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

৫ উইকেটে ৩৫৭ রান নিয়ে লর্ডসে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। রুট ১৮৪ ও মঈন আলী ৬১ রানে ব্যাটিং শুরু করেন। ইংলিশ অধিনায়ক জো রুটের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অধিনায়কত্বের অভিষেকে ডাবল সেঞ্চুরির রেকর্ড হাতছানি দিচ্ছিল তার। কিন্তু নার্ভাস নাইন্টিসের শিকার রুট। ১৯০ রানে মরকেলের বলে আউট হন উইকেটের পিছনে ডি ককের হাতে ক্যাচ দিয়ে। ২৩৪ বলে ১৯০ রানের ইনিংসটি সাজান ২৭ চার ও ১ ছক্কায়। একই ওভারের তৃতীয় বলে লিয়াম ডসনকেও ফেরান মরকেল। মঈন আলীও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮৭ রানে আউট হন কাগিসো রাবাদার বলে। এরপর স্টুয়ার্ট ব্রডের হাফ-সেঞ্চুরিতে ৪৫৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। পেসার মর্নি মরকেল নেন সর্বোচ্চ ৪ উইকেট। ৩টি করে উইকেট নেন ফিল্যান্ডার ও রাবাদা।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। দীর্ঘদিন পর দলে ফিরে ব্রড শুরুতেই স্বাগতিক দলকে সাফল্য এনে দেন। আউট করেন হিনো কুহনকে (১)। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়েন ডিন এলগার ও হাশিম আমলা। ৮২ রানে এ জুটি ভাঙেন মঈন আলী। এরপর স্কোরবোর্ডে ২২ রান যোগ করতে আরও ২ উইকেট হারায় সফরকারীরা। সাজঘরে ফিরেন এলগার (৫৪) ও ডুমিনি (১৫)।

পঞ্চম উইকেটে ৯৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তুলেন তেম্বা বাভুমা ও টিউনিস ডি ব্রুইন। ‍দুই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে চড়ে দারুণ এগুতে থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ বিকেলে অ্যান্ডারসনের বলে ব্রুইন আউট হলে আবারও চাপে পড়ে প্রোটিয়ারা।