দ্রুতগতিতে এগিয়ে চলছে কক্সবাজারের উদ্বাস্তু ও ভূমিহীনদের জন্য ভবন নির্মাণের কাজ

কক্সবাজারে দ্রুতগতিতে এগিয়ে চলছে জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ১১৯টি ৫ তলা ভবন নির্মাণের কাজ। সরকারের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী।

কাজের অগ্রগতি ঘুরে দেখে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানান, আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হবে।
কক্সবাজারে ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে ১১৯ বহুতল ভবন

বাঁকখালী নদীর একপাশে নির্মিত হচ্ছে জলবায়ু উদ্বাস্তুদের জন্য স্থায়ী নতুন ঠিকানা। গত ৪ মাস আগে শুরু হয় ১১৯টি ভবন নির্মাণের প্রাথমিক কাজ।

সময়ের সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে এগিয়ে চলছে ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ’ প্রকল্পের নির্মাণকাজ। মাত্র ৪ মাসের মধ্যে উঠে গেছে অনেক ভবনের ছাদ, আবার শেষ হয়েছে অনেক ভবনের ভিত্তি।

এদিকে শনিবার দুপুরে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধানকে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান।

পরে সাংবাদিকদের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।