ক্রীড়া ডেস্ক : উয়েফা সুপার কাপে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তা। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বুধবার রাতে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের মাত্র ৪৯ সেকেন্ডেই অ্যাটলেটিকোকে এগিয়ে দিয়েছিলেন কস্তা। মাঝমাঠ থেকে লম্বা করে বল বাড়িয়েছিলেন অধিনায়ক দিয়েগো গডিন। কস্তা প্রথমে হেডে পরাস্ত করেন রামোসকে। এরপর রাফায়েল ভারানেকে পেছনে ফেলে বক্সে ঢুকে জোরালো শটে বল পাঠান জালে। উয়েফা সুপার কাপে দ্রুততম গোলের আগের রেকর্ড ছিল সেভিয়ার এভার বানেগার। ২০১৫ সালে বার্সেলোনার বিপক্ষে তিন মিনিটে গোল করেছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।


