ধামইরহাটে ডিবি পুলিশ পরিচয়ধারী ভুয়া দুই সদস্যকে আটক

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ডিবি পুলিশ পরিচয়ধারী ভুয়া দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার বরথা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- একই জেলার পত্নীতলা উপজেলার বাবনা বাজার এলাকার গৌর চন্দ্র মণ্ডলের ছেলে আল ইমরান বিকাশ (৩৪) ও একই উপজেলার চকজয়রাম গ্রামের সাঈদ শেখের ছেলে নাহিদ (২৬)।
স্থানীয়রা জানান, সকালে বরথা বাজারের এক ব্যবসায়ীকে রাস্তার মধ্যে আটকে ডিবি পরিচয় দিয়ে তার তল্লাশির নামে সব হাতিয়ে নিচ্ছিলেন ওই দুই যুবক। এসময় বুঝতে পেরে ওই ব্যবসায়ী চিৎকার দিলে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিবি ভুয়া পরিচয়ধারী দুই সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাই করার কথা স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।