ক্রীড়া ডেস্ক : আজ রাতেই শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা। ৩০ জুন রাত থেকে শুরু হবে নকআউট পর্ব। গ্রুপপর্বে আমরা দেখেছি ‘টেলস্টার এইটটিন’ এর সাদা-কালো বল দিয়ে খেলা হয়েছে। তবে এই বল আর নকআউট পর্বে থাকছে না। একই আকৃতির বল হলেও রঙে আসছে পরিবর্তন। সাদা-কালোর পরিবর্তে লাল রঙের ছোঁয়া থাকছে এই বলে। নামকরণ করা হয়েছে ‘টেলস্টার মেছতা’। অ্যাডিডাসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মেছতা অর্থ স্বপ্ন ও উচ্ছাকাঙ্খা।
মূলত গ্রুপপর্বে বেশ কয়েকটি বল ফেটে যাওয়ার কারণে অ্যাডিডাস সিদ্ধান্ত নিয়েছে বল পরিবর্তন করতে। নতুন এই বলের দাম ১৩০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যেটা দাঁড়ায় ১৪ হাজার ৪৬৩ টাকা। এই বল দিয়ে নকআউট পর্বে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স এবং উরুগুয়ে-পর্তুগাল। অ্যাডিডাস জানিয়েছে এই বল আর ফেটে যাবে না। ফুটবলপ্রেমীরা এই বলের ভ্যালু ভার্সন কিনতে পারবেন ১২ পাউন্ড দিয়ে (১ হাজার ৩৩৪ টাকা)।
জার্মানির ক্রীড়া পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস অতীতে অনেক আইকনিক বল তৈরি করেছে। তাদের তৈরি অ্যাডিডাস ট্যাঙ্গো এখনো ইতিহাসের অন্যতম বিখ্যাত বল। তবে ১৯৯৮ ও ২০১০ বিশ্বকাপে তাদের তৈরি করা বল সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে বলের মুভমেন্টের জন্য। যেটা গোলরক্ষকদের কঠিন পরীক্ষা নিয়েছিল। এবার তাদের তৈরি করা বল ম্যাচ চলাকালিন ফেটে গেল সমালোচনার মুখে পড়ে তারা। তারপরই তারা রঙে পরিবর্তন এনে টেলস্টার মেছতা বল বাজারে ছাড়ে। যা দিয়ে নকআউট পর্বের খেলাগুলো হবে।


