ক্রীড়া ডেস্ক : ২০১৭-১৮ মৌসুম শেষেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছেন। ফার্নান্দো তোরেসের নতুন ঠিকানা কোথায় হয়, সেটাই ছিল দেখার। ইউরোপের কোনো ক্লাবে নয়, জাপানিজ ক্লাব সাগান তসুতে যোগ দিয়েছেন প্রাক্তন লিভারপুল, চেলসি ও স্পেন স্ট্রাইকার।
তোরেস এসি মিলানে ধারে খেলার পর ২০১৪ সালে শৈশবের ক্লাব অ্যাটলেটিকোতে ফেরেন। মাদ্রিদের ক্লাবটির হয়ে শেষ মৌসুমে জেতেন ইউরোপা লিগের শিরোপা। স্পেনের বিশ্বকাপ ও ইউরো জয়ী এই খেলোয়াড় ২০১২ সালে চেলসির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
ইংল্যান্ডে আট বছরের স্পেলে ৩১৪ ম্যাচে ১২৬ গোল করেন তোরেস। এর মধ্যে চার বছর লিভারপুলের হয়ে ১৪২ ম্যাচে করেন ৮১ গোল।
তোরেস জানিয়েছেন, ফ্রান্স, জার্মানি, এমনকি স্পেনের ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে আর কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলার ইচ্ছে তার নেই। নিতে চান নতুন চ্যালেঞ্জ।

জাপানের ক্লাবে যোগ দিলেন ফার্নান্দো তোরেস
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তোরেস বলেছেন, ‘ফ্রান্স, জার্মানি, এমনকি স্পেনের একটি ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলাম আমি। কিন্তু আরেকটি ইউরোপিয়ান ক্লাবে যাওয়ার চিন্তা আমি কখনো করিনি। পুরোপুরি ভিন্ন এক জায়গায় নতুন চালেলঞ্জ নিতে চেয়েছি আমি।’
তোরেস অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবে যেতে পারেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত জাপানকে বেছে নিলেন ৩৪ বছর বয়সি তারকা।
জাপানের জে-লিগে প্রাক্তন স্পেন সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে পুনর্মিলন হবে তোরেসের। গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা।


