নতুন ঠিকানায় মাহমুদউল্লাহ, বার্বাডোজে ফিরলেন সাকিব

ক্রীড়া ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। লন্ডনে বৃহস্পতিবার রাতে সিপিএলের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়।

সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৬ এবং ২০১৭ সালে সাকিবের দল ছিল জ্যামাইকা তালাওয়াস। দলটির হয়ে দুই মৌসুমে ১৬ ম্যাচ খেলেন সাকিব। বল হাতে ১৪ উইকেট ও ব্যাট হাতে করেছিলেন ২২১ রান।

এবার বার্বাডোজ পুরোনো সৈনিককে শুরুতেই দলে নিয়েছে। দ্বিতীয় ডাকে সাকিবকে ১ লাখ ৩০ হাজার ডলারে দলে নেয় তারা। বার্বাডোজের হয়ে সাকিব প্রথম আসরেই চমক দেখিয়েছিলেন। ৮ ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। এক ম্যাচে তো রেকর্ড গড়ে ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাট হাতে রান করেছিলেন মাত্র ২২। তবে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন ৬ ইনিংসে।

এবারের সিপিএলে সাকিবের সতীর্থরা হলেন মার্টিন গাপটিল, হাশিম আমলা, ডোয়াইন স্মিথ, ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খান।

মাহমুদউল্লাহ রিয়াদ গিয়েছেন নতুন ঠিকানায়। তার দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ২০১৭ মৌসুমে মাহমুদউল্লাহকে দলে নিয়েছিল জ্যামাইকা তালাওয়াস। দলটির হয়ে খেলেছিলেন পাঁচ ম্যাচ। ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে রান করেছিলেন ১১, আর বল হাতে ৩ ইনিংসে ১১ ওভার করে নিয়েছিলেন ৩ উইকেট।

এবার নতুন দলে মাহমুদউল্লাহর নিজেকে মেলে ধরার পালা। পঞ্চম ডাকে তাকে দল নেয় সেন্ট কিটস। তার পারিশ্রমিক ৭০ হাজার ডলার। মাহমুদউল্লাহর দলে রয়েছেন ক্রিস গেইল, এভিন লুইস, বেন কাটিং, কার্লোস ব্রাফেটের মতো তারকা ক্রিকেটাররা।