‘নতুন দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি’

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর দীর্ঘসময় ক্রিকেট থেকে দূরে ছিলেন জেসন গিলেস্পি। তবে সাম্প্রতিক সময়ে আবারও ফিরেছেন মাঠে।

খেলোয়াড় নয়, কোচ হয়ে মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এ পেসার। অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলোর বোলিং কোচ দিয়ে যাত্রা শুরু করার পর প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন গিলেস্পি। এবার নতুন দায়িত্ব পেয়েছেন ৪২ বছর বয়সী এ কোচ। পাপুয়া নিউগিনি ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে জেসন গিলেস্পিকে নিয়োগ দিয়েছে সে দেশের বোর্ড।

২০১৪ থেকে পাপুয়া নিউগিনি ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন প্রাক্তন নিউজিল্যান্ড অফস্পিনার দীপক প্যাটেল। নতুন মৌসুমে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি পাপুয়া নিউগিনি। এদিকে গিলেস্পিকে পুরোটা সময় পাবে না পাপুয়া নিউগিনি। বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে ‍চুক্তিবদ্ধ গিলেস্পি। সেজন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করবেন অসি তারকা।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১ টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলা গিলেস্পি নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত।ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলেছেন,‘আমি বেশ রোমাঞ্চিত। নতুন একটি দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ হবে। আমার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। শুনেছি দলটিতে ভালোমানের ক্রিকেটার আছে। আশা করছি তারা আমার কাছ থেকে ভালো কিছু শিখতে পারবে তারা। সব মিলিয়ে নতুন পরিবেশ ও নতুন দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ান ইন্ডিজেনাস ও কুইন্সল্যান্ড একাদশের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনি। অক্টোবরে স্কটল্যান্ডের বিপক্ষে পাপুয়া নিউগিনি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে নিজেদের মাটিতে।