ক্রীড়া ডেস্ক : স্টার ইন্ডিয়া ভারতের জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হওয়ার আগ্রহ পুনঃরায় আর দেখায়নি। সে কারণে নতুন পৃষ্ঠপোষক নিতে হয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই)।
ভারত দলের নতুন পৃষ্ঠপোষক হয়েছে টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপ্পো। ১ হাজার ৭৯ কোটি রূপিতে তারা পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। নতুন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো সম্বলিত ভারত দলের নতুন জার্সি আজ বৃহস্পতিবার দুপুরে উন্মোচন করা হয়। মুম্বাইতে আজ বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল যোহরি নতুন এই জার্সি উন্মোচন করেন। এ সময় অপ্পোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবশ্য জার্সির ডিজাইনে কোনো পরিবর্তন আনা হয়নি। স্টার ইন্ডিয়ার যে ডিজাইন ছিল সেই ডিজাইনের উপরই অপ্পোর লোগো লাগানো হয়েছে। নতুন এই জার্সি পড়ে ভারত দল তাদের পরবর্তী সিরিজে কিংবা সফরে মাঠে নামবে। সেটা হতে পারে আইসিসি চ্যাম্পিয়নস লিগ।
চুক্তি অনুযায়ী অপ্পো আইসিসি আয়োজিত যেকোনো টুর্নামেন্টে ম্যাচ প্রতি ১.৫৬ কোটি রূপি দিবে বিসিসিআইকে। আর দ্বিপাক্ষিক কোনো সিরিজের ম্যাচ প্রতি ৪.৬১ কোটি রূপি দিবে। অন্যদিকে স্টার ইন্ডিয়া আইসিসির কোনো টুর্নামেন্টে ভারত দলের ম্যাচ প্রতি ৬.১ মিলিয়ন রূপি দিত। আর দ্বিপাক্ষিক কোনো সিরিজের ম্যাচ প্রতি দিত ১৯.২ মিলিয়ন রূপি!
চলতি বছরের এপ্রিলে স্টার ইন্ডিয়ার বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে আগ্রহ দেখায়নি।


