‘নদী দখল করে উন্নয়ন কর্মকাণ্ড সরকার প্রশ্রয় দেয় না’

নদী দখল করে কোনো উন্নয়ন কার্যক্রমকে সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বুড়িগঙ্গার শ্যামপুরে ফ্লোটিং ডকইয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, শিগগিরই তুরাগ ও বুড়িগঙ্গা দখল করা এমপি আসলামের পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোনের অবৈধ অংশ উচ্ছেদ করা হবে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, নদী দখল করে উন্নয়ন কর্মকাণ্ড সরকার প্রশ্রয় দেয় না। কোভিডে একটা ব্রেক দেওয়ার পর আমরা আবার কাজ শুরু করেছি।

তিনি বলেন, আদালত বিআইডব্লিউটিএর এই কাজে অসন্তুষ্ট না, সন্তুষ্ট। আমার ধারণা, দেশবাসীও এই কাজে সন্তুষ্ট। কারণ নদীর জায়গা দখল করে কোন উন্নয়ন কর্মকাণ্ড আমরা পরিচালিত করতে চাই না।

তিনি আরো বলেন, সরকার যেহেতু চিহ্নিত করে দিয়েছে এটা নদীর জমি, অতএব এটা নদী ফেরত পাবেই।