নরসিংদীতে ৪৯ জন ‘গরু ব্যবসায়ীর’ জামিন আবেদন নামঞ্জুর

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ৪৯ জন ‘গরু ব্যবসায়ীর’ জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ব্যবসায়ীরা নিজ নিজ আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাইশ মৌজার সাপ্তাহিক গরুর হাটে গরু বিক্রি শেষে ইঞ্জিন চালিত দুটি নৌকায় রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে ফিরছিল তারা। পথে মেঘনা নদী থেকে রায়পুরা থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বুধবার বিস্ফোরক আইনে একটি মামলা করে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

গরু ব্যবসায়ীদের দাবি, পুলিশ তাদের কাছে থাকা গরু বিক্রির ২৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

এদিকে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বলছেন, তাদের কাছ থেকে ৯ লাখ ছয় হাজার ১৫০ টাকা পাওয়া গেছে। এ ছাড়া পুলিশ জানায় আটককৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে গরু ব্যবসায়ীদের স্বজনরা জানায়, মঙ্গলবার বাইশ মৌজায় সাপ্তাহিক গরুর হাট ছিল। হাটে প্রতিবারের মতো গরু বিক্রি শেষে ইঞ্জিন চালিত দুটি নৌকায় বাড়ি ফেরার পথে ৫২ জন গরু ব্যবসায়ীকে রায়পুরা থানা পুলিশ মেঘনা নদী থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের কাছে থাকা নগদ ২৫ লক্ষাধিক টাকা রায়পুরা থানা পুলিশ হাতিয়ে নেয়। খবর পেয়ে মঙ্গলবার রাত থেকেই আটককৃতদের স্বজনরা থানায় এসে জড়ো হতে থাকে এবং আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ যাচাই বাছাই করে তিনজনকে ছেড়ে দেয়। কিন্তু বাকি ৪৯ জনকে আসামি করে রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে ওই মামলায় আসামি দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, আটককৃতরা মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চংপাড়া ঘাটে ককটেল, টেঁটা, লোহার রড, টিনের জর্দার কৌটা নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাছাড়া নিলক্ষাকে টেঁটা ও দাঙ্গামুক্ত করতে আমরা চারদিক থেকে অভিযান চালাব। কারণ তারা পুলিশের ওপরও হামলা চালায়।

তিনি আরো জানান, আসামিদের মধ্যে আটজন ওয়ারেন্টভুক্ত, ৭/৮ জন ডিবি এসোল্টভুক্ত, ১৬ জন টেঁটাযুদ্ধ এবং বাকিরা অন্যান্য মামলার আসামি হওয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।