সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সি: বাংলাদেশে বর্তমানে মোট ১৩টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও বগুড়া। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের মূল দায়িত্ব হলো নাগরিকদের দৈনন্দিন সেবা নিশ্চিত করা এবং নগরীর পরিকল্পিত ও টেকসই উন্নয়ন সাধন করা। তবে প্রশ্ন উঠেছে—সিটি কর্পোরেশনগুলো কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে?
সিটি কর্পোরেশনের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে রাস্তাঘাট, ফুটপাত, ড্রেন ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্ট্রিট লাইট স্থাপন ও রক্ষণাবেক্ষণ, পার্ক ও খেলার মাঠ সংরক্ষণ, পাবলিক টয়লেট নির্মাণ, কাঁচাবাজার পরিচালনা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন, ভবন নির্মাণসংক্রান্ত তদারকি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা।
কিন্তু বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট সূত্রে সিটি কর্পোরেশনগুলোর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ রয়েছে, উন্নয়ন প্রকল্প, কেনাকাটা ও মেরামত কাজে অতিরিক্ত কমিশন আদায়, রাজনৈতিক প্রভাব, দলীয়করণ, অস্বচ্ছতা এবং কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির কারণে নাগরিক সেবার মান ব্যাহত হচ্ছে।
এছাড়া উন্নয়ন প্রকল্পে অনভিজ্ঞ ঠিকাদার নিয়োগ, সরকারি দামের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে সরঞ্জাম ক্রয়, দীর্ঘসূত্রতার কারণে প্রকল্প ব্যয় বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগও রয়েছে। বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগে প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত ও জিজ্ঞাসাবাদের ঘটনাও ঘটেছে।
অভিযোগ রয়েছে, ট্রেড লাইসেন্স, ভবন অনুমোদন, কর নির্ধারণসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে অনেক ক্ষেত্রে ভোগান্তি, হয়রানি ও অনিয়মের মুখোমুখি হতে হয়। একই সঙ্গে রাস্তাঘাট সংস্কার, বর্জ্য অপসারণ, মশক নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের মতো মৌলিক সেবার ক্ষেত্রেও বিভিন্ন নগরীতে অসন্তোষ রয়েছে।
সুশীল সমাজের মতে, সিটি কর্পোরেশনগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হলে প্রশাসনিক সংস্কার, কঠোর নজরদারি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।


