নাটোরে এক ভ্যান চালকের লাশ উদ্ধার

নাটোর : জেলার বাগাতিপাড়া থেকে সোহাগ হোসেন (২২) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার পকেটখালী এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সোহাগ রাজশাহীর চারঘাটের উমরগাড়ী গ্রামের তরিক আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোহাগ গতকাল শুক্রবার সন্ধ্যায় অটোচার্জের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। সকালে পকেটখালী এলাকার একটি ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ভ্যান ছিনতাইয়ের জন্য কেউ তাকে শ্বাসরোধ করে হত্যার পর এই মাঠে ফেলে গেছে। এখনো পর্যন্ত তার ভ্যানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।