নাটোর: নাটোরের লালপুর চিনিকলের ব্যাগিং লাইনের যন্ত্র পরিষ্কার করতে গিয়ে নিরঞ্জন সাহা নিরু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিরঞ্জন লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ী মহল্লার বাসিন্দা।
সোমবার (১১ নভেম্বর) সকালে ওই সুগার মিলের ব্যবস্থাপক আব্দুল কাদের জানান, রোববার দিনগত রাতে চিনিকলের ব্যাগিং লাইনের যন্ত্রে আখের উচ্ছিষ্ট আটকে ত্রুটি দেখা দেয়। এসময় সেখানে কর্মরত শ্রমিক নিরঞ্জন যন্ত্রটি সচল রাখতে ওই উচ্ছিষ্ট পরিষ্কার করতে গেলে লাইনের চেইনের সঙ্গে জড়িয়ে গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।


