নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অস্ত্রসহ সালাউদ্দিন সালু নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবির একটি দল। শনিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে তার দেয়া তথ্য অনুযায়ী, একটি রিভলবার ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। এসময় ডিবি পুলিশের ওপর সালু বাহিনী হামলা চালালে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে নাহিদ (২৮) নামে একজন গুলিবিদ্ধ হন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, সালু বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত সাত নম্বর সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সালুকে ধরতে বাগবাড়িতে অভিযান চালানোর সময় তার সহযোগিরা ডিবি পুলিশের ওপর হামলা চালায়। এসময় ডিবি পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিবি পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তখন তার সহযোগিরা পিছু হটলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।


