নারায়ণগঞ্জ ইপিজেডে নির্মাণাধীন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অভ্যন্তরে একটি নির্মাণাধীন কারখানার পাইলিংয়ের কাজ করার সময় তিতাসের গ্যাস পাইপ লিকেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ ‍জুন) বেলা ১১টার দিকে আদমজী ইপিজেডের অভ্যন্তরে একটি নির্মাণাধীন কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

জানা গেছে, শুক্রবার সকাল আটটা থেকে হামজা ফ্যাশন নামে কারখানাটির নির্মাণকাজ শুরু হয়। বেলা ১১টায় গ্যাস পাইপের লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো কারখানা না থাকলেও নিকটবর্তী স্থানে বিদ্যুৎকেন্দ্র অবস্থিত হওয়ায় বিপদের আশংকা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

জানা যায়, বেলা ১১টায় হঠাৎ করে ইপিজেডের শেষ প্রান্তে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী স্থান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় কিছু কারখানায় কর্মরত শ্রমিকসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ইপিজেড কর্তৃপক্ষ তাদের সবগুলো ফটক বন্ধ করে দেয়। ভেতর থেকে কারো বের হওয়া বা ভেতরে সব ধরনের প্রবেশ বন্ধ করে দেয়া হয়।

এদিকে খবর পেয়ে তিতাসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলা উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। ইতোমধ্যে ইপিজেডের ভেতরে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে দেয়া হয়েছে এবং গ্যাসের মূল লাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।