নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টি-টোয়েন্টির নতুন রেকর্ড বাংলাদেশের

আল-আমিন হোসেন, ক্রীড়া প্রতিবেদকঃ কাজটা আসলে বোলারটাই সেরে রেখেছিল। যার আনুষ্ঠানিকতা দিলেন ব্যাটসম্যানরা। ৬০ রানের লক্ষ্য টি-টোয়েন্টি ক্রিকেটে কী আর এমন, তা যতই মিরপুরের স্লো উইকেট হোক না কেন। ঘরের মাঠের সুবিধা নিয়ে জিততেও কোনও অসুবিধা হয়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করলো লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে ২০ ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে কমে অলআউট হওয়ার রেকর্ডটিও ছিল ৬০ রানের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশেরই মাঠে (চট্টগ্রামে) তাদের ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

আজ (বুধবার) মিরপুরে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে কিউইদের ব্যাটিং। পুরো ২০ ওভারও টিকতে পারেনি সফরকারীরা। অলআউট হয়েছে ১৬.৫ ওভারে।

কিউই ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুজন দুই অংক ছুঁতে পেরেছেন। তারা হলেন-টম লাথাম আর হেনরি নিকোলস। দুজনেরই ব্যাট থেকে আসে ১৮ রান করে। বাকিদের কেউ দশও করতে পারেননি।