ক্রীড়া ডেস্ক : অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে নতুন মুখ বাহাতি স্পিনার এজাজ প্যাটেল।
ভারতীয় বংশোদ্ভুত ২৯ বছর বয়সী এজাজ গেল বছরের বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার হয়েছিলেন। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। গেল তিন মৌসুম ধরে বল হাতে প্রভাব বিস্তার করে খেলছেন তিনি। গেল মৌসুমে ২১.৫২ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন। ইশ শোধি ও টড আস্টলের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন।
তাকে দলে নেওয়ার বিষয়ে নির্বাচক গাভিন লারসেন বলেন, ‘এজাজ তার যোগ্যতা দিয়েই দলে স্থান করে নিয়েছে। সে টেস্ট দলে ডাক পাওয়ার যোগ্য। গেল কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে আলোচিত বোলার সে। মিশেল স্যান্টনার অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ্য হয়ে ওঠেননি। সে কারণেই ইশ শোধি ও অ্যাস্টেলের সঙ্গে এজাজকে নেওয়া হয়েছে। তার ফিঙ্গার স্পিন আরব আমিরাতের কন্ডিশনে কাজে লাগবে।’
টেস্ট স্কোয়াড : কেন উইলিয়ামসন, জিৎ রাভাল, টম লাথাম, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, টম ব্লানডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, টোড অ্যাস্টলে, ইশ শোধি, এজাজ প্যাটেল, টিম সউদি, নেইল ওয়াগনার, ম্যাট হেননি ও ট্রেন্ট বোল্ট।
টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টির দলও ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টেস্টের পর তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।


