নিখোঁজ ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তা লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : চার দিন নিখোঁজ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের সাগর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুলু হক টুটুল। নিহত সুলেমান মুলাটা (৪০) কক্সবাজার কার্যালয়ে গত এক বছর ধরে কর্মরত রয়েছেন। তিনি ইথিওপিয়ার নাগরিক। টুটুল বলেন, সুলেমান মুলাটা (৪০) গত সোমবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ‘‘পরে সুলেমান মুলাটাকে বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজির পরও খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে সোমবার রাতে ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ের এক কর্মকর্তা কক্সবাজার সদর থানায় জিডি করেন।’’ অতিরিক্ত পুলিশ সুপার টুটুল বলেন, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেল পয়েন্টে মাছ ধরার সময় স্থানীয় জেলেদের জালে একটি লাশ আটকে পড়ে। জেলেরা লাশটি কূলে তুলে পুলিশকে খবর দেয়। পরে মহেশখালী থানা পুলিশ সেখানে পৌঁছে সেটি উদ্ধার করে। ‘‘উদ্ধার হওয়া লাশটি গত ৪ দিন আগে কক্সবাজার থেকে নিখোঁজ ইথিওপিয়ার নাগরিক সুলেমান মুলাটার বলে শনাক্ত করা হয়। তিনি গত এক বছর ধরে ইউএনএইচসিআর-এর কক্সবাজার কার্যালয়ে কর্মরত ছিলেন।’’ সাগরে গোসল করতে নেমে বিদেশি এ নাগরিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণার কথা বলেন পুলিশের এ কর্মকর্তা। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টুটুল জানান, তার মৃত্যুর রহস্য জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।