নিজের অভিষেকে রেকর্ড গড়লেন ভানিদু হাসারাঙ্গা

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার ১৮০তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে গলে আজ অভিষেক হয়েছে ভানিদু হাসারাঙ্গার। অভিষেকেই ইতিহাস গড়েছেন ১৯ বছর বয়সী এ ক্রিকেটার।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন লেগ স্পিন অলরাউন্ডার। জিম্বাবুয়ে শিবিরের শেষ তিন উইকেট নিয়ে প্রথম লেগ স্পিনার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন ভানিদু হাসারাঙ্গা।

২.৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা। সপ্তম বোলার হিসেবে ২৬তম ওভারে এ লেগ স্পিনারকে বোলিংয়ে আনেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুউস। প্রথম ওভারে ৮ রান দিয়ে হাসারাঙ্গা ছিলেন উইকেট শূন্য। ৩২তম ওভারে তাকে আবারও বোলিংয়ে আনেন অধিনায়ক। ওই ওভারে খরচ করেন আরও ৩ রান। ৩৪তম ওভারে বোলিংয়ে এসে হিসাব পাল্টে দেন তরুণ স্পিনার।

লো ফুলটস বল মিড অন দিয়ে প্রথম বলে চার হাঁকান ম্যালকম ওয়ালার। পরের বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যাটে কানায় লেগে বোল্ড হন ওয়ালার। তৃতীয় বলটি গুগলি করেন হাসারাঙ্গা। টিরিপানো ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ হন। হ্যাটট্রিক বলটিও গুগলি করেন হাসারাঙ্গা। আউটসাইড অফ থেকে বল ঘুরে ব্যাট-প্যাডের বিশাল ফাঁক দিয়ে বল আঘাত করে চাতারার স্ট্যাম্পে। তাতেই ইতিহাস সৃষ্টি করেন হাসারাঙ্গা।

জিম্বাবুয়ের শেষ তিন উইকেট নিয়ে সফরকারীদের ১৫৫ রানে আটকে দেন এ স্পিনার। তবে মিডল অর্ডার ধসিয়ে দেন চায়নাম্যান লাকশান সান্দাকান। ৫২ রানে ৪ উইকেট নেন সান্দাকান।

ওয়ানডে ক্রিকেটে এটি ৪২তম হ্যাটট্রিক। অভিষেকে হ্যাটট্রিকের তৃতীয় কীর্তি। এর আগে বাংলাদেশের তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ওয়ানডে প্রথম ম্যাচে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ১১ রানে নেন ৪ উইকেট। পরের বছর বাংলাদেশ সফরে এসে ১৬ রানে ৬ উইকেট নেন পেসার কাগিসো রাবাদা।