ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ১১ বছর চেলসির গোলপোস্ট সামলেছেন। নিজের পুরোনো সেই ক্লাবকেই এবার হারিয়ে দিলেন পিওতর চেক। গোলরক্ষকের নৈপুণ্যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে চেলসিকে টাইব্রেকারে হারিয়েছে আর্সেনাল। ডাবলিনে বুধবার নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। পরে টাইব্রেকারে আর্সেনাল জিতেছে ৬-৫ গোলে। নির্ধারিত সময়ে একটি পেনাল্টি সেভ করার পর টাইব্রেকারেও স্পট-কিক ঠেকান চেক। অথচ ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল চেলসি। সেস ফ্যাব্রেগাসের কর্নার থেকে হেডে ‘ব্লুজ’দের এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার।

প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি আলভারো মোরাতা। ডানদিকে ঝাঁপিয়ে মোরাতার শট ফেরান চেক। তবুও ১-০ গোলের জয় নিয়েই প্রায় মাঠ ছাড়তে যাচ্ছিল চেলসি। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান আলেকজান্দ্রে লাকাজেত্তি। শেষ বাঁশি বাজার তখন বাকি মাত্র ১৭ সেকেন্ড! টাইব্রেকারে দুই দলই তাদের প্রথম পাঁচটি করে স্পট-কিকে গোল করেছিল। সাডেন ডেথে রুবেন লোফ্টাসের শট ঠেকান আর্সেনালের জয়ের নায়ক চেক।


