ক্রীড়া ডেস্ক : প্রীতি ম্যাচে পর্তুগালের হয়ে মিশরের বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল করে ২-১ ব্যবধানে জয় এনে দেন রোনালদো। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের ম্যাচে ৬৮ মিনিট পর্যন্ত খেলেন। আন্তর্জাতিক বিরতি শেষে বৃহস্পতিবার রিয়ালের প্রথম অনুশীলন সেশনে যোগ দেন তিনি। জিদান আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা সকল খেলোয়াড়দের স্বাগত জানান।
পর্তুগালের হয়ে দুই ম্যাচেই মাঠে নামা রোনালদোকে শনিবার লাস পালমাসের বিপক্ষের ম্যাচে মাঠে নামানো হবে না। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হবে তাকে।
এদিকে খেলতে না পারলেও আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা লিওনেল মেসিও যোগ দিয়েছেন বার্সেলোনার অনুশীলনে। ইতালির বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনা জয় পেলেও স্পেনের কাছে বড় ব্যবধানে হার মেনেছে। ঘরের মাঠে স্পেন ৬-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছে। ইনজুরির কারণে লিওনেল মেসি দুই ম্যাচের একটিতেও খেলতে পারেননি। তবে বার্সেলোনার অনুশীলনে তাকে কিছুটা ফুরফুরে মেজাজে দেখা গেছে। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার মতে শনিবার সেভিয়ার বিপক্ষে কাতালানদের হয়ে মাঠে নামতে পারেন তিনি।
লা লিগায় ২৫ গোল নিয়ে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। সবশেষ ৯ ম্যাচে ১৮ গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো এখন মেসিকে ছোঁয়ার অপেক্ষায় আছেন। ২২ গোল নিয়ে মেসির পরেই অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা।


