নীলফামারীর দারোয়ানি স্টেশনে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সায়েরা বেগম (৩৩), শেফালী অক্তার (২৮) ও রোমানা আক্তার (৩৫)। এ ছাড়া আহতরা হলেন- কুলসুমা, অহিদুল ইসলাম, রওশন আরা, মিনা পারভীন ও নাসরিন আক্তার। হতাহতরা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া এলাকার বাসিন্দা।
নীলফামারী সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে একটি অটোরিকশায় উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানিতে লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে অপর দুজন মারা যান।
এ ছাড়া আহতদের মধ্যে দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে এবং দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।


