নীলফামারীতে রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

আল-আমিন,নীলফামারী: নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নে চেইনেজ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (০৯ মার্চ)  এই নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সোনারায় ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব মান্নান শাহ্ মান্নুর বাড়ীর পাশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা প্রকৌশলী নূর উদ্দিন আহমেদ, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর বিএনপি-জামায়াত সরকার নীলফামারীকে পিছিয়ে দিয়েছিল। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কাজের ধরণ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটি করে চলেছেন অদম্য গতিতে।

সদর উপজেলা প্রকৌশলী নূর উদ্দিন আহমেদ জানান, ৮৪লাখ ৮২হাজার ৬৪৯ টাকা চুক্তিমূল্যে সোনারায় ইউপি থেকে ময়েন মাস্টারের বাড়ী ভায়া ২নং পুটিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে চেইনেজ এক হাজার মিটার সড়ক নির্মাণ কাজ হবে।  স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে নির্মান কাজ সম্পন্ন হবে।