আল- আমিন, নীলফামারীঃ জেলার ডোমারে মসজিদের বাইরে ময়লা ফেলার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির লাঠির আঘাতে মজির উদ্দিন(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের সোনারায় কলোনীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মজির উদ্দিন উক্ত এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, পশ্চিম হরিনচড়া কলোনীপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মাদ্রাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সাথে বিরোধ চলে আসছে নিহত মজির উদ্দিনের। শনিবার দুপুরের কোন এক সময় জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশে জমিতে ময়লা ফেলেন।
জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে দেখতে পান মসজিদের পাশে ময়লা ফেলা হয়েছে। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে কলোনীপাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান লাঠি নিয়ে এসে মজির উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় লাঠির আঘাত মজির উদ্দিনের মাথায় ও ঘাড়ে লাগলে তার নাক দিয়ে রক্ত বের হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মজির উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজনা ছড়িয়ে পরে।
জানতে চাইলে ডোমার থানার অফিসার ইন চার্জ মোঃ সাইফুল ইসলাম নিহতের বিষয়টি স্বীকার করে বলেন এ ঘটনায় অভিযুক্ত ফেন্সি ও তার ছেলেকে আটক করা হয়েছে।


