আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে শিক্ষার গুনগত মান উন্নয়নে বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও ভার্চুয়ালী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডিপিএফ’র সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খন্দকার ইয়াসির আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিপিএফ’র সদস্য মশিউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক ফারাহানা ইয়াসমিন ইমু।
সভায় মানসম্মত শিক্ষার মূল উপাদান হিসেবে মানসম্মত শিক্ষক, মানসম্মত শিক্ষা উপকরণ ও মানসম্মত পরিবেশের সাথে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, পর্যাপ্তসংখ্যক যোগ্য শিক্ষক, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষাদান সামগ্রী, ভৌত অবকাঠামো, যথার্থ শিখন পদ্ধতি, কার্যকর ব্যবস্থাপনা ও শিক্ষা ব্যবস্থার উপযুক্ত মূল্যায়নে স্থানীয় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন বক্তারা।
এসময় নীলফামারী সরকারী কলেজে অধ্যক্ষ দিদারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন প্রামানিক, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম, ডিস্ট্রিক্ট ফেসিলেটর মো. সহিদুল ইসলাম, ডিপিএফ’র সদস্য ও গ্রামীণ উন্নয়ন সংস্থা (ভিডিও) এর নির্বাহী পরিচালক রবিউল হাসান রতন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা ভার্চুয়ালী ও স্বশরীরে উপস্থিত ছিলেন।


