ক্রীড়া ডেস্ক : মৌসুমের শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে খেলে আসছে প্যারিস সেইন্ট জার্মেই।
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে তারকা সমৃদ্ধ বায়ার্ন মিউনিখের বিপক্ষেও সেই দাপট অব্যাহত রেখেছে দলটি। বিশ্বের সবচেয়ে দামি তারকা নেইমার, কাভানি ও আলভেজের গোলে ৩-০ ব্যবধানে উড়ে গেল কার্লো আনচেলত্তির বায়ার্ন।
পায়ের চোটের কারণে লিগ ওয়ানে শেষ ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। এক ম্যাচ পর মাঠে নেমেই গোলের ধারা অব্যাহত রাখলেন ২২২ মিলিয়ন ইউরোর নেইমার।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে গ্রুপ ‘বি’ এর ম্যাচে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে স্বাগত জানায় পিএসজি। পরীক্ষিত সৈনিক এডিনস কাভানির সঙ্গে নতুন যোগ দেওয়ায় নেইমার ও এমবাপে মিলে পিএসজি কতটা শক্তিশালী সেটা গতকাল টের পেয়েছে তারকা সমৃদ্ধ দল বায়ার্ন।

নিজেদের মাঠে দানি আলভেজের প্রথম গোলের পর ব্যবধান দিগুণ করেন এডিনসন কাভানি। এরপর বায়ার্নের জালে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
পিএসজি শিবিরে এবার নেইমার যোগ দেওয়াতেই যেন পাল্টে গোল দলটির চেহারা। তাই বায়ার্নের মতো দলকেও নিজেদের মাঠে পাত্তা দিল না তারা। পিএসজির জয়ে গতকাল ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পান আলভেজ। বাঁ দিক থেকে ডি বক্সে ঢুকে আলভেজকে আড়াআড়ি পাস দেন নেইমার। আর তা থেকেই নিচু শটে বায়ার্নের জালে বল পাঠান আলভেজ। ম্যাচের ৩২ মিনিটে চমৎকার এক গোলে ব্যবধান দিগুণ করেন কাভানি। কিলিয়ান এমবাপের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন উরুগুইয়ান এ তারকা। এবার সব মিলিয়ে এটা তার দশম গোল। আর ৬৩ মিনিটে নেইমারের গোল পাওয়ার মধ্য দিয়েই জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। এমবাপের পাস থেকে পাওয়া বল দারুণ নৈপুণ্যে বায়ার্নের জালে পাঠান নেইমার। পিএসজিতে আগস্টে যোগ দেওয়ার পর এটি তার ষষ্ঠ গোল। শেষপর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় পিএসজি।
বায়ার্নের বিপক্ষে এ জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ।


