ক্রীড়া ডেস্ক : লিভারপুলের তারকা ফুটবলার ফিলিপে কুতিনহোকে দলে ভেড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বার্সেলোনা। কয়েক দফা দাম বাড়িয়ে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। লিভারপুলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কুতিনহো বিক্রির জন্য নয়।
এরপর বার্সেলোনা বরুশিয়া ডর্টমুন্ডের ফরাসি তারকা ওসমানী দেম্বেলেকে দলে ভেড়ায়। তবে এখনো আরো একজন খেলোয়াড় দলে ভেড়াতে চাচ্ছে বার্সা। সেক্ষেত্রে আঞ্জেল ডি মারিয়া ও ফিলিপে কুতিনহো টার্গেটে আছে।
তবে আজ মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা বোমা ফাটিয়েছে। তারা জানিয়েছে নেইমার নাকি স্বদেশি কুতিনহোকে বার্সায় যোগ দিতে নিষেধ করেছেন। লিভারপুল যখন তাকে বিক্রি না করার সিদ্ধান্ত নেয়, তখন নেইমার নাকি কুতিনহোকে বলেছেন ক্লাবের এই সিদ্ধান্ত নিয়ে যাতে মন খারাপ না করে! নেইমারের এমন আচরণের পেছনের কারণ হিসেবে পত্রিকাটি জানিয়েছে পিএসজিতে যোগ দেওয়ার পর বার্সা কর্তৃক নানাভাবে নেইমারকে হেনস্তা করা।
তবে কুতিনহো এখনো বার্সার টার্গেটেই আছে। দেখা যাক শেষ পর্যন্ত আরেক ব্রাজিলিয়ান তারকাকে নেইমারের স্থলাভিষিক্ত করতে পারে কিনা বার্সেলোনা।


