ক্রীড়া ডেস্ক : ১৪ জুন পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলবেন লিওনেল মেসি। আর ব্রাজিলের হয়ে খেলবেন নেইমার দ্য সিলভা।
রাশিয়া বিশ্বকাপে নেইমার কিংবা মেসির এক একটি গোল সমান ক্যারিবিয়ান ও লাতিন আমেরিকা অঞ্চলের স্কুলগুলোর ১০ হাজার শিশুর খাবার। বৃহস্পতিবার মাস্টার কার্ড ঘোষণা দিয়েছে বিশ্বকাপে লিওনেল মেসি কিংবা নেইমারের এক একটি গোলের বিনিময়ে তারা দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ানের সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের স্কুলগুলোতে ১০ হাজার টিফিন বিতরণ করা হবে। আর সেটা তারা দিবে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডিব্লউএফএ) মাধ্যমে।
এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে গর্ববোধ করছেন লিওনেল মেসি, ‘এমন একটি ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি। এটা হাজার হাজার শিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটাবে।’
এটার অংশ হতে পেরে ব্রাজিলিয়ান তারকা নেইমারও খুশি, ‘আমরা নিশ্চিত করতে চাই যে এই অঞ্চলের শিশুরা এক প্লেট খাবার পাক। একটু আশা পাক। আমরা লাতিন আমেরিকানরা জানি যে একত্রিত হলে আমরা অনেক কিছু করতে পারি। অতীতে এমন অনেক নজির আমরা স্থাপন করেছি। একসঙ্গে আমরা ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে চাই।’
মাস্টার কার্ডের একজন মুখপাত্র বলেন, ‘লাতিন আমেরিকায় ৪০ মিলিয়নের বেশি লোক ক্ষুধার্ত থাকছে প্রতিনিয়ত। তাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ক্ষুধাকে পরাজিত করতে, শিশুদের পুষ্টিহীনতা দূর করতে এবং তাদেরকে শিক্ষিত করে তোলা জরুরি। তাহলেই ক্ষুধার যে চক্র সেটা ভাঙা যাবে।’
মাস্টার কার্ড ইতিমধ্যে ওই সব অঞ্চলে ৩ লাখ খাবার বিরতণ করেছে। এই সংখ্যাটা দিন দিন আরো বাড়ছে।


