নোয়াখালীতে অগ্নিকাণ্ডে একটি মসজিদ ও ১০টি দোকান পুড়ে গেছে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী মাইজদীর ইসলামিয়া রোডে অগ্নিকাণ্ডে একটি মসজিদ ও ১০টি দোকান পুড়ে গেছে।

বুধবার রাত ১০টার দিকে ইসলামিয়া রোডে মোহামেডান ক্লাবের পেছন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। প্রায় দুই ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্লাহ খান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।