২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুরের নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় সজিব নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাশেম বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর জানান, শনিবার ভোরে কাশেম বাজার আমার নির্বাচনী অফিসে প্রবেশ করে সজিব। এসময় সে অফিসে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর ও ব্যানার, পেস্টুন ছিঁড়ে ফেলে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। হামলাকারী সজিব স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপুর সমর্থক।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপু বলেন, সজিব আমার কোনো কর্মী-সমর্থক নয়। সে একজন মানসিক রোগী। নৌকার প্রার্থীর অফিসে হামলার বিষয়টি আমার জানান নেই। তবে নৌকার প্রার্থীর কর্মীরা গত কয়েকদিন আগে আমার ডিস লাইন এলাকার অফিসে ভাঙচুর করে তাতে তালা মেরে দিয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায় গত দু’দিন আগে আনারসের পক্ষে কথা বলায় স্থানীয় কাশেম বাজারে সজিবকে মারধর করে নৌকা প্রার্থীর কয়েকজন কর্মী। কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় ঘটনার পর সে আওয়ামী লীগ প্রার্থীকে গালমন্দ করে। ওই ঘটনার জেরে শনিবার সকালে নৌকার অফিসে প্রবেশ করে সে ভাঙচুর চালালে প্রার্থীর লোকজন তাকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নৌকা প্রতীকের অফিস ভাঙচুর করার অভিযোগে সজিব নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


