নোয়াখালীতে হত্যা মামলার আসামি ও মাদক কারবারিকে গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়ে জামশেদ (৩৫) নামে হত্যা মামলার আসামি ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জামশেদ ওই গ্রামের মৃত আছিউল হকের ছেলে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে চরকিং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর ঘামছাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামশেদের বাড়িতে অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।