ক্রীড়া ডেস্ক : ৩৮ মিলিয়ন পাউন্ডে ভিনিসিয়াস জুনিয়রকে চলতি মৌসুমে দলে নিয়ে চমক দেখায় রিয়াল মাদ্রিদ। কিন্তু তাকে ধারে রিয়াল মাদ্রিদ থেকে নিতে আগ্রহ দেখিয়েছে নয়টি ক্লাব। এর মধ্যে স্পেনের ক্লাবই আছে সাতটি। রয়েছে ইতালি ও ফ্রান্সের ক্লাব। গত বছর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি করে রিয়াল। এ বছর তাকে উন্মোচন করা হয়। প্রাক-মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে সফরে ছিলেন ভিনিসিয়াস। দলের প্রস্তুতিতে আলো ছড়িয়ে কোচ লোপেতেগুইয়ের আস্থাও অর্জন করেছেন ১৮ বছর বয়সি এ তরুণ। তবে সহসাই তার অভিষেক হচ্ছে না। ধারণা করা হচ্ছে ‘বি’ দলে কয়েক মাস খেলানোর পর তাকে মূল দলে নেওয়া হবে। সেই সুযোগটি নিতে চায় নয়টি ক্লাব। বিশেষ করে স্প্যানিশ ক্লাবগুলোর আগ্রহই বেশি। রায়ো ভাল্লেকানো, ভাল্লাডলিড, বেটিস, রিয়াল সোসিয়েদাদ, লেগানেস, জিরানো, এস্পানিওল তাকে পেতে আগ্রহী। এছাড়া লিগ ওয়ানের দল নান্তেস এবং সিরি ‘আ’ লিগের ক্লাব উদিনেসও পেতে চায়। প্রতেক্যেই তাকে এক বা দুই মৌসুমের জন্য ধারে নিতে আগ্রহী। প্রাক-মৌসুমের শুরু থেকেই বড় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন ভিনিসিয়াস। তখন থেকেই নজর কাড়েন ১৮ বছর বয়সি এ প্রতিভাবান। দলের ভেতরে তাকে নিয়ে তৈরি হয়েছে উচ্চকাঙ্খা। তার গতি, ড্রিবলিং এবং শারীরিক গঠন এরই মধ্যে সুনাম কুড়িয়েছে। কোচ জুলেন লোপেতেগুই ভিনিসিয়াসকে নিয়ে বেশ আশাবাদী। অনেকেই ভাবছে, রিয়াল মাদ্রিদের পরবর্তী তারকা হতে যাচ্ছেন ভিনিসিয়াস। তাকে নিয়ে আশাবাদী রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। তার ভাষ্য,‘তাকে দেখার অপেক্ষায় গোটা ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ। আমরা আশাবাদী সে আমাদেরকে দারুণ কিছু উপহার দিতে পারবে।’


