পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে ধানক্ষেত থেকে গলাকাটা অবস্থায় কল্পনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০৩ নভেম্বর) সকালে হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কল্পনা ওই গ্রামের মনিরের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ জানান, এ ঘটনার পর থেকে কল্পনা আক্তারের স্বামী ও বাড়ির লোকজন পলাতক রয়েছেন।


