পত্রিকায় সংবাদের জের কাটাখালী হাইওয়ে থানার ওসির চাঁদাবাজির বিষয়ে বিভাগীয় পর্যায়ে তদন্ত শুরু

কাটাখালী প্রতিনিধি : গত ০৯ অক্টোবর দৈনিক আমার একুশ পত্রিকায় “বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসির চাঁদাবাজিতে অতিষ্ট চালকরা”শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে খুলনা রেঞ্জ ডিআইজি দপ্তরসহ বিভিন্ন প্রসাশনিক দপ্তর থেকে তদন্ত টিম গঠন করা হয়।উক্ত ঘটনার পরিপেক্ষিতে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তদন্ত পেয়েছেন বলে জানা যায়।

এব্যাপারে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সাথে আলাপ কালে তিনি জানান,কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হবার পর খুলনা রেঞ্জ ডিআইজির দপ্তর থেকে আমার উপর সংবাদের সত্যতা যাচায়ের জন্য তদন্তভার দেওয়া হয়েছে। আমি তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি যা অতি দ্রæত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবো।

এদিকে এই তদন্ত কার্যক্রম শুরু হবার পর থেকে কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম মাহিন্দ্রা (থ্রী হুইলার) চালকদের বিভিন্ন কুট কৌশলে নানাবিধ ভয়ভীতি প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে। হায়ওয়ে থানার ওসি এখনো পর্যন্ত তার স্বপদে বহাল থাকায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা সাধারন চালকেরা। অপরদিকে তার বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশ হবার পর ওসি রবিউল ইসলাম বীরদর্পে এখনও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে।

বিশ্বস্ত সুত্রে জানা যায়,ওসি রবিউল ইসলাম তার আস্থাভাজন কিছু চালকদের মাধ্যমে চাঁদা আদায় করছে, আর এই কারনে তার আস্থাভাজন ঐ চালকেরা পাচ্ছে দুটি সুবিধা,প্রথমত তারা নিশ্চিন্তে গাড়ি চালানোর সুযোগ পাচ্ছে আবার সেই সাথে আদায়কৃত চাঁদা থেকে একটি অংশ ভাগা পাচ্ছে। এমতাবস্থায় সাধারণ চালকেরা ওসি রবিউল ইসলামের দ্রুত অপসারণ করে মহাসড়কে পুলিশের চাঁদাবাজী বন্ধের জোর দাবী জানান।