‘পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান যেন দুর্ঘটনায় পরিণত না হয়’

আগামী ২৫ জুন উদ্বোধন করা হবে স্বপ্নের পদ্মা সেতু। সারা দেশেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে ওইদিন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উৎসব করতে গিয়ে যেন দুর্ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুন) গণভবন থেকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী দিনের উৎসব যেন দুর্ঘটনায় পরিণত না হয়, সে জন্য দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। কারণ, উৎসবটা সারা দেশেই হবে। দেশবাসীর অভূতপূর্ব সাড়া ও সমর্থন ছাড়া নিজেদের টাকায় সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হতো না। এজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।