পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত আইপিএল

খেলা ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এর আগে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।  বুধবার (১৫ এপ্রিল)  এমন খবর ভারতের সংবাদমাধ্যমগুলোতে দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিল, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল।
আইপিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতি জানানো হয়, ভারতের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বিসিসিআই,, ফ্রাঞ্জাইজি মালিক, ব্রডকাস্টার, স্পন্সর ও সব স্টেকহোল্ডাররা সিদ্ধান্ত নেয় যখন এই আইপিএল ২০২০ নিরাপদে আয়োজন করা যায় তখনই তা মাঠে গড়াবে।
বিসিসিআই প্রতিনিয়তই তার পার্টনারদের সঙ্গে এই ব্যাপারটি মনিটর করছে। তাই ভারতের সরকার, রাজ্য সরকার ও অন্য স্টেট রেগুলাটরি বডির সঙ্গে আলোচনা করেই পরবর্তী সূচি ঠিক করা হবে।
এর আগে ভারতে ২১ দিনের লকডাউন শেষ হয় ১৪ এপ্রিল। তবে দেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় সব রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেন। মোদি দেশটিতে লকডাউনের সময় আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন।
আইপিএলের চলমান আসর শুরু হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। তবে করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছিল ১৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি লকডাউনের মেয়াদ বাড়ানোর ফলে আইপিএল-ও পিছিয়ে গেল।