ক্রীড়া ডেস্ক : আইসিসির সভায় তিন মোড়লের প্রধান্য ও আয় ভাগাভাগির বিষয়টি বাতিল হয়েছে। এখন থেকে আইসিসির প্রশাসনিক কাঠামোতে তিন মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রাধান্য থাকছে না। পাশাপাশি আয়ের বড় অংশ পাওয়ার ক্ষেত্রে ভারতের ক্রিকেট বোর্ড যে প্রস্তাব দিয়েছিল সেটাও বাতিল হয়েছ। তিন মোড়লের প্রশাসনিক কাঠামো ৯-১ ভোটে হেরে যায়। আর আইসিসির আয়ের বড় অংশ পাওয়ার ক্ষেত্রে ভারতের দেওয়া প্রস্তাব ৮-২ ভোটে বাতিল হয়।
এখন থেকে আইসিসির নতুন প্রশাসনিক কাঠামো তৈরি হবে। আয় বন্টনের ক্ষেত্রেও আসবে সাম্য। তবে বিষয়টি মেনে নিতে পারছে না ভারতের ক্রিকেট নিয়ন্ত্রন বোর্ড (বিসিসিআই)।
এ বিষয়ে আইসিসির সভায় যোগ দেওয়া বিসিসিআইয়ের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হলে ভারতের সংবাদ মাধ্যমকে তারা বলেন, ‘ভোটাভুটি শেষ। আয় ভাগাভাগির ক্ষেত্রে নতুন প্রস্তাব ৮-২ ব্যবধানে পাস হয়েছে। অন্যদিকে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবটি ৯-১ ব্যবধানে পাস হয়েছে। বিসিসিআই দুটি প্রস্তাবেরই বিপক্ষে ভোট দিয়েছে। কারণ, এই পরিবর্তনগুলো আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের সামনে এখন সব বিকল্পগুলোই খোলা রয়েছে। আমরা আমাদের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেই এই পরিস্থিতির বিষয়ে সিদ্ধান্ত নিব।’


