পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।

আজ শুক্রবার পরীক্ষার্থীদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা। পরে একে একে তাঁদের সঙ্গে একাত্মতা জানান সড়ক ব্যবহারকারী জনসাধারণও।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহণ শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা আজ সকাল থেকেই বিপাকে পড়েন। যানবাহন সংকটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা ক্ষোভে ফেটে পড়ে একপর্যায়ে নিজেরাই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে অবরোধ গড়ে তোলেন। এ সময় তাঁরা প্রবেশপত্র হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুরা আটকে পড়েছেন।

ধর্মঘটের প্রতিবাদে তাঁরা নিজেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সাধারণত ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা রাস্তায় আটকে পড়েছেন।

ওসি কাজী মাইনুল ইসলাম আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। এমনিতেই সাধারণ মানুষ দুর্ভোগের রয়েছে, তার ওপর তাদের এ কর্মসূচি দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।’